
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নুকালী হাই স্কুল মাঠে শনিবার (২৫ জানুয়ারি-২৫) বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। পোতাজিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম তালুকদার চন্নু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি বলেন, একটি দল ধর্মের দোহাই দিয়ে দেশের ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের সকলের দায়িত্ব সাধারণ মানুষকে সচেতন করা এবং দেশের জনগণের ভালোবাসা অর্জন করা। আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। তাই দলীয় নেতাকর্মীদের আজ থেকেই মাঠে কাজ শুরু করতে হবে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড.এম এ মুহিত প্রধান বক্তা হিসেবে বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে একই ভাবা ভুল। আওয়ামী লীগ নিজেদের স্বার্থে দুর্নীতি করেছে আর বিএনপি গণতন্ত্র, মানুষের অধিকার ও সুশাসনের পক্ষে কাজ করে। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু,সাধারণ সম্পাদ ক মোঃ আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি মোঃ এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ এবং ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, বিএনপির লক্ষ্য একটি গণতান্ত্রিক ও স্বচ্ছ বাংলাদেশ গড়া,যেখানে মানুষের অধিকার সুরক্ষিত থাকবে এবং জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার পরিচালিত হবে।
উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও হাজারো সমর্থক ও সাধারণ জনগণ।