সিরাজগঞ্জের শাহজাদপুরে পাথরবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিদেশি মদ, বিয়ার ও ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় ট্রাকটি জব্দসহ চালক ও সহকারীকে আটক করা হয়।
সোমবার (৫ এপ্রিল-২৫) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বগুড়া -নগরবাড়ি মহাসড়কের মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজের সামনে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—ঢাকার সাভার থানার বনগ্রাম মহল্লার আবু জাফরের ছেলে ট্রাক চালক সাদ্দাম হোসেন এবং একই থানার দক্ষিণ দরিয়াপুর মহল্লার শামছুল আলমের ছেলে শরিফ আলম।
পুলিশ জানায়, ট্রাকটি লালমনির হাটের বুড়িমারী সীমান্ত এলাকা থেকে পাথর বোঝাই করে ঢাকার সাভারের উদ্দেশ্যে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে ৪ বোতল বিদেশি মদ, ৪ ক্যান বিয়ার এবং ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আছলাম আলী জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।