মোঃ ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের রতুনী গ্রাম
একসময় প্রকৃতির ছোঁয়ায় সজীব আর নির্মল শান্তিতে ঘেরা ছিল। সাধারণ গ্রামীণ জনপদের মতোই ছিল এই জনপদ—শান্তিপূর্ণ, সমাজকেন্দ্রিক ও কৃষিনির্ভর এবং নিরীহ, সহজ সরল মানুষের বাস। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিকতার পাশাপাশি প্রবেশ করেছে ভয়াবহ বিপর্যয়—গ্রামজুড়ে ছড়িয়ে পড়েছে মাদকের অভিশাপ।
স্থানীয়রা অভিযোগ করছেন, বিগত এক দশকেরও বেশি সময় ধরে রফিকুল ইসলাম নামে এক প্রভাবশালী ব্যক্তি এলাকায় গড়ে তুলেছেন একটি সুসংগঠিত মাদক সিন্ডিকেট। তার এই অবৈধ ব্যবসায় সহযোগিতা করছেন এলাকার কিছু প্রভাবশালী, সাবেক রাজনৈতিক নেতাসহ যুবসমাজের একাংশ। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় এই সিন্ডিকেট দিন দিন আরও দুর্ধর্ষ হয়ে উঠেছে।
বিশেষ করে স্থানীয় একাধিক আওয়ামী লীগপন্থী নেতার মদদে রফিকুলের মাদক ব্যবসা দিনকে দিন বিস্তৃত হচ্ছে। ফেন্সিডিল, গাঁজা ও ইয়াবা সহজলভ্য হয়ে উঠেছে যুবসমাজের কাছে। ফলে যুবকরা জড়িয়ে পড়ছে নেশা ও অপরাধে, ভেঙে পড়ছে পরিবার, হারিয়ে যাচ্ছে ভবিষ্যৎ।
ধ্বংসের দারপ্রান্তে চলে যাচ্ছে ছাত্র সমাজ। বাড়ছে পারিবারিক কলহ। মাদকের টাকা সংগ্রহ করতে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ অপকর্ম সংঘটিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং মাদক ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ার কারণে অনেক সময়ই প্রতিকার চাইতে গিয়ে ভয়ের মুখোমুখি হতে হচ্ছে সাধারণ মানুষকে। প্রতিবাদ করতে ও প্রকাশ্যে অভিযোগ করতে সাহস পাচ্ছে না সাধারণ মানুষ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি দ্রুত এর সমাধান চান।