সাইদুল বাসার,সাতক্ষীরা জেলা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল এসব ওষুধ উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, আজ ১৭ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবির অধীনস্থ কাকডাঙ্গা বিওপির একটি দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬ নম্বর আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘ভাদিয়ালি’ এলাকায় অভিযান চালায়। এ সময় চোরাকারবারীদের ফেলে যাওয়া ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চোরাকারবারীরা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে এসব ওষুধ ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ ধরনের চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল অঙ্কের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশীয় শিল্পের বিকাশ এবং রাজস্ব ফাঁকি রোধে সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।