
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ ও আলুর আমদানি স্বাভাবিক রয়েছে। বুধবার (২৭ নভেম্বর) এ বন্দর দিয়ে ভারত থেকে ৭ ট্রাক পেঁয়াজ ও ১৫ ট্রাক আলু প্রবেশ করছে।
বন্দরের আলু ও পেঁয়াজ আমদানিককারক মো. মোহসিন বলেন, সকাল থেকে ভোমরা বন্দরে ২২ ট্রাকে আলু ও পেঁয়াজ আমদানি হয়েছে। এছাড়া ভারতীয় অংশে ঘোজাডাঙা বন্দরে এখনও ৩০ ট্রাক পণ্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। অতিদ্রুত বাকি আমদানিকৃত মালামাল ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এ সময় তিনি বলেন, বর্তমানে শুধু আগে থেকে এলসি করা ও স্লট বুকিং করা পণ্য আমদানি হচ্ছে। চলতি সপ্তাহ থেকে নতুন কোনো স্লট বুকিং করা যাচ্ছে না। এ জন্য আগামী কয়েক দিন পর আমদানি বন্ধ হয়ে যেতে পারে।
ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা বলেন, এখন পর্যন্ত ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক পেঁয়াজ ও আলু রপ্তানি বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া এলসি খোলার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নতুন করে স্লট বুকিং বন্ধ রাখায় আমদানিতে প্রভাব পড়তে পারে।