
সাইদুল বাসার,সাতক্ষীরা প্রতিনিধিঃ
বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব-২০২৬। এ উৎসবকে সম্পূর্ণ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এরই ধারাবাহিকতায় সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকার ৩৮টি পূজা মণ্ডপে প্রতিমা বিসর্জন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্তরেখার ৮ কিলোমিটারের মধ্যে ২৯টি এবং ব্যাটালিয়ন সদর সংলগ্ন ৩ কিলোমিটারের মধ্যে অবস্থিত ৯টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতায় বিজিবি সদস্যরা সরাসরি নিরাপত্তা প্রদান করছেন। প্রতিটি পূজা মণ্ডপ ও তৎসংলগ্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বিজিবির ১৬টি প্লাটুন সার্বক্ষণিক টহল ও নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
ধর্মীয় সম্প্রীতি, অসাম্প্রদায়িক সৌহার্দ্য ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি।
তিনি জানান, "বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা যেন নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসবের সমাপ্তি ঘটে, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।"