
সোহাগ হোসেন, সদর সাতক্ষীরা:
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘বাংলাদেশ খবর প্রতিদিন’ এর জেলা প্রতিনিধি মাসুদ রানা। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আনুমানিক ১২টার দিকে সাতক্ষীরা শহরের নারকেলতলা টু আখড়াখোলা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পেশাগত কাজে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় নারকেলতলা ও আখড়াখোলার মধ্যবর্তী স্থানে পৌঁছালে মাসুদ রানা দুর্ঘটনার কবলে পড়েন। প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং শরীরের বিভিন্ন অংশে মারাত্মক আঘাত পান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। বর্তমানে তিনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছেন। তার শরীরের কিছু স্থানে ক্ষতের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
চিকিৎসাধীন অবস্থায় মাসুদ রানা তার সকল সহকর্মী, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও পেশাগত দায়িত্বে ফিরতে পারেন, সেজন্য তিনি সকলের আন্তরিক সহযোগিতা ও প্রার্থনা কামনা করেন।
এদিকে, সাংবাদিক মাসুদ রানার দুর্ঘটনার খবর শুনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাতক্ষীরার সাংবাদিক নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।