
মোঃ সাইদুল বাসা, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার আঞ্চলিক সংবাদপত্র ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর শুভ উদ্বোধন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার সন্ধ্যা সাতটায় শহরের পত্রিকা কার্যালয়ে গিয়ে সাতক্ষীরা শহর শাখা শিবিরের পক্ষ থেকে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুভেচ্ছা বিনিময়কালে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সাতক্ষীরা শহর শাখা সভাপতি মেহেদী হাসান পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মীর আবু বকর এবং নির্বাহী সম্পাদক ডা. মহীদার রহমানের হাতে ফুলের তোড়া তুলে দেন।
অনুষ্ঠানে মেহেদী হাসান বলেন, সংবাদপত্র সমাজের আয়না ও গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নতুন এই পত্রিকা এলাকার অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের কথা তুলে ধরবে বলে তাঁরা প্রত্যাশা করছেন। তিনি আরও বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে আপসহীন ভূমিকা পালন করে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সাতক্ষীরার সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রায় পত্রিকাটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সম্পাদক মো. নুরুন্নবী, মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, প্রকাশনা সম্পাদক মো. মাসুদুজ্জামান ও পৌর উত্তর থানা সভাপতি হাফেজ বাদশা ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
পত্রিকাটির শুভকামনা জানানোয় ছাত্রশিবির নেতাদের ধন্যবাদ জানান ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর প্রকাশক ও সম্পাদক মীর আবু বকর এবং নির্বাহী সম্পাদক ডা. মহীদার রহমান। তাঁরা স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা বজায় রাখতে এবং সাতক্ষীরার মানুষের কথা তুলে ধরতে সবার সহযোগিতা কামনা করেন।