
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঋষিপাড়ায় নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকালে স্থানীয় ঋষিপাড়ায় বসবাসকারী সর্বস্তরের মানুষের খোঁজখবর নিতে এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শুনতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেন ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
এ সময় বাংলাদেশ জামায়াত ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ সহ মুসলিম, হিন্দু, ঋষি ও খ্রিস্টান সম্প্রদায়ের শতাধিক এলাকাবাসী উপস্থিত হয়ে তাদের নিজ নিজ এলাকার নানা সমস্যা, উন্নয়ন ও প্রত্যাশার কথা চেয়ারম্যান প্রার্থীর কাছে তুলে ধরেন।
মতবিনিময় সভায় অধ্যাপক আব্দুল ওয়ারেছ বলেন, "ব্রহ্মরাজপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। এখানে কোনো জাতি, ধর্ম বা বর্ণভেদ থাকবে না। বিশেষ করে ঋষিপাড়াসহ অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক অধিকার, রাস্তাঘাট, সুপেয় পানি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বদা আপনাদের পাশে থাকব। আপনারা আমাকে আপনাদের সেবক হিসেবে কাজ করার সুযোগ দিলে এই ওয়ার্ডের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাব, ইনশাআল্লাহ।"
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা অধ্যাপক আব্দুল ওয়ারেছের এই আন্তরিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন। সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ঋষিপাড়া এলাকা মুখরিত হয়ে ওঠে।