
সাতক্ষীরা প্রতিনিধ:
সাতক্ষীরার কৃতী সন্তান অ্যাডভোকেট মাসউদ আইন পেশায় যোগ দিয়েছেন। সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত আইনজীবী তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সাতক্ষীরা জেলা জজ কোর্টে আইনজীবী হিসেবে যোগদান করেন। এর আগে রোববার (১৫ মার্চ ২০২৬) প্রকাশিত ফলাফলে তিনি উত্তীর্ণ হন।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই আইন বিষয়ে পড়াশোনা ও প্রস্তুতির মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন অ্যাডভোকেট মাসউদ। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের আইনি অধিকার রক্ষায় ভূমিকা রাখার লক্ষ্য নিয়েই তিনি আইন পেশায় যুক্ত হয়েছেন।
শিক্ষাজীবনে তিনি সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে এলএলবি (সম্মান) এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন। অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তিনি বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন।
পেশাগত জীবনের পাশাপাশি তিনি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও সক্রিয়। বর্তমানে তিনি ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির মহাসচিব এবং ইউনিভয়েস কালচারাল সেন্টারের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্রনেতা হিসেবেও পরিচিত।
আইন পেশায় যুক্ত হওয়া প্রসঙ্গে অ্যাডভোকেট মাসউদ বলেন,
“আমি সবসময় ন্যায় ও সত্যের পথে চলার চেষ্টা করেছি। মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আইনি সহায়তা দেওয়ার স্বপ্ন থেকেই এই পেশায় আসা। অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “এই অবস্থানে আসতে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছিল অনন্য। তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে সবার দোয়া ও সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে চাই।”
ন্যায় ও মানবিকতার মূল্যবোধকে ধারণ করে আইন পেশায় নিজের অবস্থান সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবীন এই আইনজীবী।