
সাতক্ষীরা প্রতিনিধি মাসুদ রানা:
সাতক্ষীরা-২(সদর,দেবহাটা) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস আব্দুল খালেকের নেতৃত্বে শনিবার সকালে বিশাল মোটরসাইকেল র্যালি বের হয়। শনিবার সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা পলিটেকনিক কলেজ সংলগ্ন বাইপাসের গোলচত্ত্বর এলাকা থেকে এ র্যালিটি শুরু হয়। র্যালিটি বাইপাস সড়ক হয়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আগরদাড়ি ইউনিয়নে গিয়ে শেষ হয়। হাজারো মোটরসাইকেল শোভাযাত্রায় উৎসবমুখর পরিবেশে সড়কের দু’পাশে পথচারী ও স্থানীয় জনতা হাত নেড়ে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। র্যালিতে অংশনেন সাতক্ষীরা সদরের হাজারো নেতাকর্মী। জাতীয় পতাকা, ব্যানার, পোস্টার ও দলীয় পতাকায় শোভিত মোটরসাইকেল বহরে ছিল শৃঙ্খলাপূর্ণ।মুহাদ্দিস আব্দুল খালেক উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, জনগণের ভোটের মাধ্যমে আমরা গণতন্ত্র, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা করতে চাই। আল্লাহর আইন ও সৎ লোকের শাসন চালু হলে ৫ বছরের মধ্যেই দেশ সন্ত্রাস ,দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত হবে।’শোডাউন চলাকালে জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ—উদ্দীপনা দেখা যায়।