মাসুদ রানা সাতক্ষীরা:
সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা: সীমান্ত এলাকা থেকে প্রধান আসামি নাহিদ ও সহযোগী গ্রেপ্তার
সাতক্ষীরা শহরের বহুল আলোচিত কলেজছাত্র জাকারিয়া (১৯) খাঁনকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও সহযোগী অমিত হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত নাহিদ হাসান শহরের ইটাগাছা এলাকার মৃত গিয়াসউদ্দিনের ছেলে ও অমিত হাসান ওরফে শিপন হাসান (৩০) একই এলাকার হুমায়ুন কবীরের ছেলে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ভারতে পালিয়ে যাওয়ার জন্য কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে—এমন খবর পুলিশের কাছে আসে। তার ভিত্তিতে সদর থানা, কালিগঞ্জ থানা ও গোয়েন্দা পুলিশের একটি টিম মঙ্গলবার ভোর চারটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী একটি স্থান থেকে এজাহারভুক্ত নাহিদ ও তার সহযোগী জাকারিয়া হত্যায় সন্দিগ্ধ আসামি অমিত হাসানকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, এর আগে সাতক্ষীরা শহরে কলেজছাত্র জাকারিয়া খাঁনকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর থেকেই পুরো জেলায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর থেকে নিহতের পরিবার ও স্থানীয় সাধারণ মানুষ দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আসছিল।