
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :
ঘরের মধ্যে চেতনানাশক স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করার পর জানালার গ্রীল কেটে সাতক্ষীরায় এক ব্যবসায়ীর বাড়িতে চেতনানাশক স্প্রে করে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে।
২৪ জুন (মঙ্গলবার) ভোর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের নুনগোলা গ্রামের আবুল হাসানের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
আবুল হাসানের স্ত্রী মর্জিনা খাতুন জানান, তিনি ফজরের নামাজ পড়তে ঘুম থেকে উঠে দেখেন ঘরের ভিতরে সব অগোছালো এবং তছনছ করা। প্রাথমিকভাবে ১৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকাসহ মূল্যবান কাগজপত্র চুরির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে , চোরেরা বাড়ির ছাদে উঠে সিঁড়ির ঘরের গ্রিলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে চেতনানাশক স্প্রে করে আলমারিতে থাকা নগদ দুই লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালঙ্কার, জমির দলিল, চেকের পাতাসহ বেশ কিছু প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
আবুল হাসানের আপন ভাই আব্দুস সালাম জানান, আমার ভাই আবুল হাসান ও ভাবী মর্জিনা খাতুন সকাল পর্যন্ত সুস্থ থাকলেও পরে অচেতন হয়ে পড়েন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি চলছে।