
বেবি চক্রবর্ত্তী:কলকাতা :-
সাংবাদিকতা থেকে লেখালেখির জগতে নতুন অধ্যায়ের সূচনা করলেন ব্যান্ডেলের সমাজসেবক অভিষেক গুপ্ত। ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতার বীরেন্দ্র মঞ্চ ভবনে প্রকাশিত হল তাঁর লেখা দুটি কবিতা।
অভিষেকের লেখা কবিতা ‘স্বাধীনতার ক্যানভাস’ এবং ‘মানুষ মানুষের জন্য’ প্রকাশের মধ্য দিয়ে তাঁর সাহিত্যজীবনের আনুষ্ঠানিক পথচলা শুরু হল। সহযোগিতায় ছিল মনন ও বার্তা প্রকাশনা।
এই বিশেষ অনুষ্ঠানে অভিষেক গুপ্তের হাতে তাঁর প্রকাশিত বই, সার্টিফিকেট ও মোমেন্টো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে তিনি শুভেচ্ছাও গ্রহণ করেন।
কবিতা প্রকাশের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন সমাজসেবক তথা নবীন লেখক অভিষেক গুপ্ত। তিনি জানান, সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরেই লেখালেখির প্রতি তাঁর আগ্রহ ছিল। মানুষের কথা, সমাজের কথা এবং দেশের প্রতি ভালোবাসাকে নিজের লেখনীর মাধ্যমে তুলে ধরতেই তাঁর এই প্রয়াস।
এরপর অনুষ্ঠানের মঞ্চে নিজের লেখা কবিতা পাঠ করে শোনান অভিষেক। স্বাধীনতার চেতনা, মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা এবং সমাজের প্রতি ভালোবাসার বার্তা উঠে আসে তাঁর কবিতায়।
সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যচর্চার এই নতুন যাত্রায় অভিষেকের এই উদ্যোগ আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে পৌঁছবে বলেই আশাবাদী তাঁর শুভানুধ্যায়ীরা।