
শেরপুর জেলা প্রতিনিধি
ববি রানী রায়:
শেরপুরে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার জেলপলাতক এক হাজতি ও এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪।
সোমবার (১০ আগস্ট) বিকেল ও রাতে শেরপুর সদর এবং ঢাকার উত্তরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের হেলাল মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২১) এবং শ্রীবরদী উপজেলার কর্ণজোড়া গ্রামের ইস্ররাফিল হোসেন আকন্দের ছেলে মো. রুহুল আমীন ওরফে মানিক (৩৪)।
র্যাব-১৪ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলপলাতক আসামি সুমন মিয়ার অবস্থান শনাক্ত করে সিপিসি-১, র্যাব-১৪, জামালপুরের একটি আভিযানিক দল। পরে সোমবার বিকেল ৪টা ৫ মিনিটের দিকে শেরপুর সদর থানার খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, সুমন একটি হত্যা মামলার বিচারাধীন হাজতি ছিলেন। তার হাজতি নম্বর ২৫০৮/২৩।
অপরদিকে, একই দিন রাত ১১টা ২৮ মিনিটের দিকে র্যাব-১, সিপিসি-১, উত্তরা, ঢাকার সহায়তায় ডিএমপির উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপথ রোডের জমজম টাওয়ার এলাকায় অভিযান চালায় র্যাব-১৪-এর আরেকটি দল। এ সময় শ্রীবরদী থানার সিআর মামলা নম্বর-৩১০/২৫-এর আসামি রুহুল আমীন ওরফে মানিককে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে আরও জানা যায়, রুহুল আমীনের বিরুদ্ধে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় এক বছরের সাজা রয়েছে। তিনি ওই মামলায় সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।