
শাহিন আলম টেকনাফ //
কক্সবাজারের উখিয়া ৬৪ বিজিবি শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ৮,০০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার, নগদ টাকা ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন টেকনাফ উপজেলার দক্ষিণ জালিয়াপাড়া গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ ইউনুছ (৪৫) এবং ছোট হাবিবপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মোঃ সালামত উল্লাহ (২৬)।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা ও নারকোটিক্স ডগ ‘হেক্টর’ তল্লাশি চালায়। এ সময় গাড়ির সামনের বাম্পারের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা চারটি প্যাকেট থেকে মোট ৮,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে গাড়ির চালক ইউনুছ এবং যাত্রী সালামত উল্লাহকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উল্লেখ্য, রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
বিজিবি জানায়, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।