
মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে আবু তালেব মেমোরিয়াল স্কুলের স্বপ্নদ্রষ্টা মরহুম আলহাজ্ব আবু তালেব মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়ায় অবস্থিত আবু তালেব মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে মরহুম আলহাজ্ব আবু তালেব মাস্টারের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় এ অনুষ্ঠানের আয়োজন করে আবু তালেব মেমোরিয়াল স্কুল কর্তৃপক্ষ।
এতে স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক তাহছিন নূরী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম, বেড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ আব্দুস সাত্তার এবং ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হুসাইন আহমেদ।
এম এম সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম তালেব মাস্টারের কনিষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার আবু তালহা নূরী।
অন্যান্যের মধ্যে শাহজাদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মরহুমের জীবন, কর্ম ও শিক্ষা বিস্তারে তাঁর অবদান নিয়ে আলোচনা করে বলেন, অত্র অঞ্চলে শিক্ষা বিস্তারে তালেব মাস্টার অনন্য অবদান রেখে গেছেন।
তারা মরহুমের স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান আবু তালেব মেমোরিয়াল স্কুলের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানের সমাপনী অংশে মরহুম মাস্টারের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আল জামিয়া আল ইসলামিয়া মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ নোমান।
সভাপতির বক্তব্যে তাহছিন নূরী খোকন উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার পিতার স্বপ্নের প্রতিষ্ঠান আবু তালেব মেমোরিয়াল স্কুলের জন্য দোয়া কামনা করেন।