
মোঃ জাকারিয়া হোসেন এমএসসি শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন রাস্তার ধারে ও শিক্ষা প্রতিষ্ঠানে গত পাঁচ বছর ধরে ৬০ হাজার তালবীজ রোপন করেছেন সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ। এরই ধারাবাহিকতায় চলতি বছরে নতুন করে ১০ হাজার তালবীজ রোপণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজে তালবীজ রোপণ উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান।
এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, মওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন, সহকারী অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ হোসেন রাজাসহ মওলানা সাইফুদ্দিন এহিয়া কলেজের শিক্ষার্থীরা।
তালবীজ রোপণ উদ্বোধনকালে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন, সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ গত পাঁচ বছর ধরে শাহজাদপুরে তালবীজ বোপন করে আসছেন যা এখন বিভিন্ন রাস্তার ধারে ও শিক্ষা প্রতিষ্ঠানে দৃশ্যামান, এই গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কার্যক্রম চলমান রাখতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
তালবীজ রোপনের উদ্যোক্তা সাংবাদিক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গত পাঁচ বছর ধরে শাহজাদপুরে ৬০ হাজারের অধিক তালবীজ রোপণ করেছেন তিনি। মূলত গত কয়েক বছরে বজ্রপাতে সিরাজগঞ্জে সবচেয়ে বেশি প্রাণহানি হওয়ায় তালবীজ রোপণের সিদ্ধান্ত নেন। সেই প্রতিজ্ঞা থেকেই চলতি বছরেরও ১০ হাজার তালবীজ রোপণের কার্যক্রম শুরু করেছেন।