
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে ৫ ই আগষ্ট পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির জন্য সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত (প্রস্তাবিত) নির্ধারিত জায়গা বাউন্ডারি দিয়ে দখলের চেষ্টা করছিলেন স্থানীয় ব্যবসায়ী বাদশা খান।
সেসময় তিনি সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে হুশিয়ারি দিয়ে বলেছিলেন, "আমি এ জায়গা ভরাট করবো পারলে বাধা দিয়েন।"
বিষয়টি নিয়ে গতকাল রবিবার "রাতের আধারে সাইনবোর্ড গায়েব করে বাউন্ডারি নির্মাণ; শিল্পকলা একাডেমির জন্য বরাদ্দকৃত জায়গা দখলের অভিযোগ"
শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে ঐদিন রাতেই উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে সেখান থেকে বাউন্ডারি সরানোর মধ্য দিয়ে সরকারি জায়গাটি দখলমুক্ত করা হয়।
বিষয়টিকে ইতিবাচক ভাবে দেখছেন শাহজাদপুরের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ। তারা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শাহজাদপুর উপজেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত জানান, ইউএনও মহোদয় আমাদেরকে জায়গাটিতে সাইনবোর্ড টাঙানোর পরামর্শ দিয়েছেন। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে সেটি সম্পন্ন করবো।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামরুজ্জামান জায়গাটি দখলমুক্ত হবার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি জায়গা কাউকে দখল করতে দেয়া হবেনা। যেকোন স্থানে এধরণের কোন ঘটনা ঘটলে অবশ্যই প্রশাসন আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।