
সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি ও জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের বহদ্দারহাটে নিহত মহেশখালীর একমাত্র শহীদ তানভির সিদ্দিকীর কবর জিয়ারত ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেছে মহেশখালী মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরাম।
৫ আগস্ট (বুধবার) উপজেলার কালারমারছড়া ইউনিয়নে জুলাই শহীদের স্মরণে নির্মিত এই স্মৃতিস্তম্ভ ও মরহুম তানভীর ছিদ্দিকীর কবরস্থানে সংগঠনটি এ শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় সংগঠনের আহ্বায়ক রকিয়ত উল্লাহ, সদস্য সচিব এনামুল হক, যুগ্ম আহ্বায়ক এম বশির উল্লাহ, যুগ্ম আহ্বায়ক ওয়াজেদুল হক মণি, সদস্য আবু হেনা আসিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাঁরা শহীদের কবর জিয়ারত করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।
উল্লেখ্য শহীদ তানভির সিদ্দিকী চট্টগ্রামে জুলাই আন্দোলনে নিহত দ্বিতীয় এবং মহেশখালী উপজেলার প্রথম শহীদ হিসেবে পরিচিত। তাঁর এই ত্যাগকে স্মরণীয় করে রাখতে মহেশখালীর মাল্টিমিডিয়া সংবাদকর্মীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান।
এছাড়াও মহেশখালী মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শহীদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এবং গণ-অভ্যুত্থানের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করা হয়।
সংগঠনের উপস্থিত মাল্টিমিডিয়া সংবাদকর্মীরা বলেন, ‘শহীদ তানভিরের জুলাই'য়ের আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।’