
নিজস্ব প্রতিবেদক:
“মাদককে না বলুন, সামাজিক উন্নয়নে পথ চলুন”—এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরার রাজার বাগান তরুণ সংঘের আয়োজনে চারদলীয় মিনি নকআউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮ আগস্ট, শুক্রবার সকাল সাড়ে ৮টায় রাজার বাগান এলাকায় এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক মোহাম্মদ জাহিদ হাসান।
টুর্নামেন্টে চারটি দল অংশ নেয়। প্রথম পর্বে মুখোমুখি হয় রাজার বাগান তরুণ সংঘ ও রাজার বাগান গ্যাংস্টার ক্লাব। দ্বিতীয় পর্বে প্রতিদ্বন্দ্বিতা করে রাজার বাগান ইউনাইটেড ক্লাব ও রাজার বাগান এফসি ক্লাব। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের মধ্যে ছিল টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা।
প্রথম পর্বের খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় রাজার বাগান তরুণ সংঘ ও রাজার বাগান ইউনাইটেড ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে রাজার বাগান তরুণ সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আমিনিয়া মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, ফাহিম ফ্যাশনের স্বত্বাধিকারী এবং রাজার বাগান দারুস সালাম জামে মসজিদের সভাপতি মো. আব্দুল কাদের ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজার বাগান দারুস সালাম জামে মসজিদের সেক্রেটারি আলহাজ্ব ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন ভালুকঘর আজিজিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক সোহাগ দেবনাথ, বাংলাদেশ কৃষি ব্যাংক দেবহাটা শাখার ক্যাশিয়ার মো. আবু হোসেন, সমাজসেবক মো. আল ফেরদৌস মিঠু, ডা. সিরাজুল ইসলাম, সাবেক মেম্বার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. হাসেম আলীসহ ফাইম, সালাম, আব্দুল আলিম, মোহাম্মদ হাফিজুর রহমান, নাদিম হোসেন, সালমান হোসেন, নাজমুল হাসান, আরাফাত, কালাম, সিয়াম ও সাওনসহ আয়োজক কমিটির সদস্যরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. আব্দুল কাদের ফিরোজসহ অতিথিরা চ্যাম্পিয়ন রাজার বাগান তরুণ সংঘের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
আয়োজকরা জানান, তরুণদের মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর পরিবেশে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক যুগের বার্তার সার্কুলেশন ম্যানেজার মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।