
রাজশাহী প্রতিনিধি:-
রাজশাহীতে প্রেমিকার ওপর অভিমান করে চলন্ত রাস্তায় নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছেন এক যুবক। আজ বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর মোহেরচণ্ডী ফ্লাইওভার এলাকায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই যুবক মোহেরচণ্ডী ফ্লাইওভার এলাকায় তার প্রেমিকার সাথে কথা বলছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি ও চরম বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ও আবেগতাড়িত হয়ে যুবকটি নিজের মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যেই আগুন পুরো মোটরসাইকেলে ছড়িয়ে পড়ে এবং দাউ দাউ করে জ্বলতে থাকে।
এক প্রত্যক্ষদর্শী বলেন, হঠাৎ করেই দেখলাম ছেলেটি ও মেয়েটির মধ্যে ঝগড়া হচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই ছেলেটি তার নিজের মোটরসাইকেলে আগুন লাগিয়ে দেয়। ব্যস্ত ফ্লাইওভারে এমন কাণ্ড দেখে আশেপাশের মানুষজন স্তব্ধ হয়ে যান।
মাঝরাস্তায় মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখে ফ্লাইওভারে চলাচলকারী অন্যান্য যানবাহন ও পথচারীদের মধ্যে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। পরবর্তীতে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে মোটরসাইকেলটির সিংহভাগ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই ওই যুবক ও তার প্রেমিকা স্থান ত্যাগ করায় তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।