
তাওহীদ হাসান পিয়াল - খুকৃবি প্রতিনিধি
কাপটা এবার আমাদেরই ভাই, মাঠে বাকি দলের কোনো পাত্তা নাই!
-আমরাই গুরু, আমরাই বাপ, বিনা তর্কে দিয়ে দে বিশ্বকাপ!—এই থিমকে সামনে রেখে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত রম্য বিতর্ক। আজ ২৪শে জুন, বুধবার বিকেল ৪:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর উদ্যোগে "Debate of Champions" নামের এই বিশেষ বিতর্কের আয়োজন করা হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাস্যরসে ভরপুর এই প্রতিযোগিতায় ফুটবল বিশ্বের চার পরাশক্তি—আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির সমর্থক তার্কিকরা অংশ নেন। নিজ নিজ দলকে সেরা প্রমাণ করতে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে তার্কিকদের যুক্তি, পাল্টা-যুক্তি এবং চমৎকার রসিবোধ পুরো ক্যাম্পাসকে মুখরিত করে তোলে। 'বিনা তর্কে দিয়ে দে বিশ্বকাপ'—এমন মানসিকতা নিয়ে মাঠে নামলেও, মাঠের বাইরের এই তাত্ত্বিক লড়াইয়ে শেষ পর্যন্ত যুক্তির তীব্রতায় ও বাকচাতুর্যে সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে 'জার্মানি' দল। ফুটবলপ্রেমী সাধারণ শিক্ষার্থী ও দর্শকদের করতালিতে মুখর এই আয়োজনে উপস্থিত সবাই এক ভিন্নধর্মী আনন্দঘন পরিবেশ উপভোগ করেন, যা ক্যাম্পাসে ফুটবল উন্মাদনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।