
তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহের সদর সাব-রেজিস্ট্রি অফিসে আগত সেবা গ্রহিতাদের সুবিধার কথা মাথায় রেখে সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসানের ঐকান্তিক প্রচেষ্টায় নির্মিত বিশ্রামাগার ও গণশৌচাগার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করেন ময়মনসিংহের জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা।
উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান। অনুষ্ঠানে সামগ্রিক সফলতা নিশ্চিত করতে সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত সকল দলিল লিখক আন্তরিকতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করেন।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার সকল সাব-রেজিস্ট্রারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। নতুন এই উদ্যোগের ফলে সেবা নিতে আসা জনগণ আরও স্বাচ্ছন্দ্য ও উন্নত পরিবেশে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।