
তাসলিমা রত্না ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহ জেলা পুলিশের ডিআই-১, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জসীম উদ্দিনের অবসর উপলক্ষে এক আন্তরিক ও আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা, সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে ময়মনসিংহ জেলা পুলিশ।
সোমবার (০৯ নভেম্বর) ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী পুলিশ পরিদর্শক মোঃ জসীম উদ্দিনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তাঁরা তাঁর পেশাগত দক্ষতা, দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা, সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক এবং সাংগঠনিক কার্যক্রমে অবদানের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, কর্মজীবনে একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে সহকর্মীদের কাছে সম্মান ও ভালোবাসার স্থান করে নিয়েছেন।
বিদায়ী বক্তব্যে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জসীম উদ্দিন তাঁর দীর্ঘ কর্মজীবনে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও আন্তরিকতার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি তাঁর কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরে সবার কাছে দোয়া কামনা করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বিদায়ী কর্মকর্তা মোঃ জসীম উদ্দিনের পেশাগত অবদান ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, কর্মজীবনের সমাপ্তি ঘটলেও একজন সহকর্মীর সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও স্মৃতিগুলো সবসময় অমলিন হয়ে থাকবে। তিনি বিদায়ী কর্মকর্তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পাশাপাশি অবসর-পরবর্তী জীবনে সুস্থতা, সুখ, শান্তি ও সুন্দর পারিবারিক জীবন প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের একপর্যায়ে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথি পুলিশ পরিদর্শক মোঃ জসীম উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাঁর দীর্ঘ কর্মজীবনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দীর্ঘ কর্মজীবনের দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া একজন কর্মকর্তার জন্য এমন সম্মানজনক বিদায় সংবর্ধনা সহকর্মীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে মেধাবী, দক্ষ ও চৌকস ডিআই-১, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জসীম উদ্দিনের দীর্ঘদিনের কর্মনিষ্ঠা ও অবদানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে তাঁর অবসর-পরবর্তী জীবন সুস্থতা, আনন্দ, শান্তি ও পারিবারিক সুখ-সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক, এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।