মোঃ আবুল হাশেম
দামুড়হুদা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা দামুড়হুদা উপজেলার মুক্তারপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হাতিভাঙ্গা গ্রামের মসজিদের একজন মুয়াজ্জিন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ শনিবার সকাল ১১:০০ টার দিকে মুক্তারপুর-হাতিভাঙ্গা সড়কের মুক্তারপুর মোল্লা বাজারে সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বরকত আলী মোল্লা (৪৫)। তিনি হাতিভাঙ্গা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় হাতিভাঙ্গা মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরকত মোল্লা কার্পাসডাঙ্গা বাজারে বাজার করে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে একটি ইজিবাইকে করে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি আলমসাধুর সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বরকত মোল্লা ইজিবাইক থেকে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত ঐ ব্যক্তি কে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনাস্থলে উপস্থিত আরেকজন যাত্রীও গুরুতর আহত হন। তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ূন কবীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরও জানান পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মৃত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় পরিপ্রেক্ষিতে
এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।