
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের বারিয়াপাড়া এলাকায় গাছ কাটতে গিয়ে গাছের নিচে চাপা পড়ে আব্দুল কাইয়ুম নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৮ মার্চ (বুধবার) সকালে আনুমানিক ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রতিদিনের মতো শ্রমিক হিসেবে কাজ করতে সকালে বারিয়াপাড়া এলাকায় আদর্শ গ্রামের পাশে একটি বাড়িতে গাছ কাটার কাজে যায় আব্দুল কাইয়ুম। হঠাৎ করে একটি বড় গাছ নিয়ন্ত্রণের বাইরে গিয়ে তার ওপর পড়ে। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই কাইয়ুম মারা যায়।
স্থানীয়রা আরো জানান, সকালে কাজ করতে গিয়ে এভাবে একজন তরুণ শ্রমিকের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা।
নিহত আব্দুল কাইয়ুম শাপলাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা এবং মিঞা মিয়ার ছেলে। তিনি একজন পরিশ্রমী যুবক ছিলেন এবং শ্রমিকের কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের কান্নায় এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ও এলাকাবাসী নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।