
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পুকুরের পানিতে ডুবে হাবিবুর রহমান নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
১৬ জুলাই (বুধবার) বিকেল ৫ টার দিকে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের আলতাফ হোছাইন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু হাবিবুর রহমান সিকদার পাড়া এলাকার ওমান প্রবাসী মাঈন উদ্দীন’র ছেলে।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শিশুটির মা বাড়ীর কাজে ব্যস্ত ছিলেন। এ সময় তাঁহার সন্তান বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন তিনি এবং পরিবারের অন্যান্যরা। পরে বাড়ীর পাশে পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় নতুন বাজার ডিজিটাল হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক।