
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে মহান বিজয় দিবস উপলক্ষে মহেশখালীতে বিএনপির উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, মহেশখালী–কুতুবদিয়ার গণমানুষের নেতা আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
১৬ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে একত্রিত হয়। পরে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। জাতীয় পতাকা, দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা মহান বিজয় দিবসের চেতনাকে সামনে রেখে শোভাযাত্রায় অংশ নেন।
শোভাযাত্রা চলাকালে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয় এবং বিজয়ের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা আমাদের গর্ব। এই বিজয় কেবল একটি দিনের নয়, এটি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। তিনি মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, মহেশখালী–কুতুবদিয়ার মানুষ সবসময় অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতেও ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও এই ভূমিকা অব্যাহত থাকবে।
এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, প্রবীণ নেতাকর্মী, যুবক, ছাত্র ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মহান বিজয় দিবসের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণ করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।