সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে মহেশখালীতে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান মামলা, জরিমানা ও চালকদের সতর্ক করল উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নৌবাহিনী।
৩ ডিসেম্বর (বুধবার) মহেশখালী পৌরসভার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন প্রধান সড়ক এবং ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শাপলাপুর সড়কে বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় সড়কে এই অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আবু জাফর মজুমদার-এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় সড়কে চলাচলকারী মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা ও ট্রাকের লাইসেন্স এবং ফিটনেস সনদ যাচাই করা হয়।
সড়ক পরিবহন আইন ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে অভিযানে ৬টি (ছয়) মামলায় মোট ৩,৫০০/- (তিন হাজার পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জরিমানা আদায়ের পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু বিষয়ে চালকদের সতর্ক করা হয়।
মোটরসাইকেল চালকদের আবশ্যিকভাবে হেলমেট ব্যবহার করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অপ্রাপ্তবয়স্করা যেন কোনোভাবেই অটোরিকশা বা অন্য কোনো যানবাহন না চালায়, সে বিষয়ে মালিক ও চালকদের বিশেষভাবে সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বার্থে এবং সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।