সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় ৩টি বালুবাহী ডাম্পার আটক করা হয়েছে।
৮ ডিসেম্বর (সোমবার) বিকালে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এসময় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনরত অবস্থায় ৩ টি বালুর ডাম্পার আটক করেন।
এই তিনটি বালু ডাম্পারের মধ্যে ২টি ছোট মহেশখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ নরবিলা বাসিন্দা নূরুল আজম এর ও ১টি বড় মহেশখালী এলাকার বলে জানা যায়।
পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১২ এর ১৫(১) ধারা অনুযায়ী দুইটি ভিন্ন মামলায় ১,০০,০০০/- টাকা (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানায়, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বার্থে প্রশাসনের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।