
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
ভূমি মেলা ২০২৫ উপলক্ষে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য র্যালি, জনসচেতনতামূলক সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন মোঃ হেদায়েত উল্যাহ্, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অতিরিক্ত দায়িত্ব), মহেশখালী।
রবিবার (২৫ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীরা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে মোঃ হেদায়েত উল্যাহ্ বলেন, "ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তি ব্যবহার এবং সেবার ডিজিটাল রূপান্তর আমাদের ভূমি ব্যবস্থাকে আরো স্বচ্ছ ও জনবান্ধব করেছে। জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এই অগ্রগতি সম্ভব নয়। ভূমি মেলার আয়োজন তারই একটি প্রতিফলন।"

তিনি আরও বলেন, "ভূমি সেবা এখন ঘরে বসেই পাওয়া যাচ্ছে—অনলাইন নামজারি, ই-নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদানসহ নানা সেবা সরকার খুব সহজ করে দিয়েছে। এসব সেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই আমাদের লক্ষ্য।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ভূমি ব্যবস্থায় দুর্নীতিমুক্ত সেবা, ভূমি হেল্পলাইন, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার ও সেবাপ্রাপ্তিতে জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য, ভূমি মেলা ২০২৫ উপলক্ষে সারাদেশব্যাপী ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে মহেশখালী উপজেলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।