সুমন চন্দ্র দে,মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার পানিরছড়ায় কোস্টগার্ডের অভিযানে তিনটি দেশীয় অস্ত্রসহ একজন কুখ্যাত সন্ত্রাসী আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন।
৬ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ নভেম্বর বুধবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক মহেশখালী থানাধীন পানিরছড়া বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করা হয়।
আটককৃত সন্ত্রাসী হলেন আশেকুল ইসলাম তুরাগ (২৫) হোয়ানক ইউনিয়নের পানিরছহা এলাকায় বাসিন্দা। তুরাগ সন্ত্রাসী কার্যক্রমকে আড়াল রেখে সিএনজি চালাত।
জব্দকৃত আগ্নেয়াস্ত্র ও আটককৃত ব্যক্তির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।