সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে সরওয়ার (৪২) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
১৭ আগস্ট (সোমবার) কালারমারছড়া ইউনিয়নের মো. শাহাঘোনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ।অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সরওয়ারকে চিহ্নিত করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, অনুমোদন ও আইনগত বিধিবিধান উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নদী, খাল ও আশপাশের জমির ক্ষতির আশঙ্কা রয়েছে। জনস্বার্থ ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের এ অভিযানকে অবৈধ বালু উত্তোলন বন্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।