তাসলিমা রত্না ময়মনসিংহ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছেন। তিনি সুস্পষ্টভাবে জানিয়েছেন, আইনের নিরাপত্তায় পুরো ময়মনসিংহ শহর এবং কোতোয়ালী থানা এলাকাকে সুরক্ষিত রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত।
ওসি মোঃ সফিকুল ইসলাম খান জানান, ময়মনসিংহ সদরে যেকোনো প্রকার নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবেলায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টিকারীকে কোনো ছাড় দেয়া হবে না।
ওসি খান আরও বলেন, সরকারি সম্পত্তি রক্ষা এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ সবসময় প্রস্তুত রয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সতর্ক রাখা হয়েছে।
বর্তমানে ওসি মোঃ সফিকুল ইসলাম খানকে চুরখাই বাজারে অবস্থান করতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করছেন তিনি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ছোটখাটো অস্থিরতা দেখা গেলেও, ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের এ কঠোর বার্তা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি এনেছে। ওসি'র এ দৃঢ় পদক্ষেপ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে।