ময়মনসিংহ শহরের অন্যতম গুরুত্বপূর্ণ চরপাড়া এলাকায় চলমান যানজট সমস্যা নিরসনের লক্ষ্যে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি শহরের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধি ও সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকগণ অংশগ্রহণ করেন। আলোচনায় যানজটের কারণ ও তা দূরীকরণের সম্ভাব্য উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তব্য রাখেন প্রান্ত স্পেশালাইজড হাসপাতালের স্বত্বাধিকারী আলহাজ্ব মনসুর আলম চন্দন। তিনি যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ ও সবার সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও যানজটের স্থায়ী সমাধানে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে মতামত প্রদান করেন।
জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম আশ্বাস দেন, সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতায় চরপাড়া এলাকার যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।