
এম এ হাই সাথিয়া( পাবনা) প্রতিনিধি :
পাবনার সাঁথিয়া মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে পাবনা-১ সাঁথিয়া আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার কলেজ হল রুমে কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক ইদ্রিস আলমের পরিচালনায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেছুর রহমান, কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান, শিক্ষক প্রতিনিধি চাঁদ আলম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপি একজন শিক্ষানুরাগী, দক্ষ নেতৃত্বের অধিকারী ও জনবান্ধব ব্যক্তিত্ব। তিনি সাঁথিয়া এলাকার শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং সার্বিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। এই কলেজটি এমপি ভুক্ত করেছেন তারই বাবা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী । তার সুযোগ্য পুত্রের নেতৃত্বে এলাকায় উন্নয়নের ধারাবাহিকতা আরও বেগবান হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপি তার বক্তব্যে সংবর্ধনার জন্য কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও সুশিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।