
সভাপতি মো: সবুজ হোসেন, সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ।
বেলকুচি-এনায়েতপুরের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘বুনন’-এর ২০২৬-২০২৭ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সংগঠনটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো: সবুজ হোসেন ও মো. জুবায়ের আহমেদ।
নবনির্বাচিত সভাপতি মো: সবুজ হোসেন এনায়েতপুর থানার বাসিন্দা এবং তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদ বেলকুচি উপজেলার শাহপুর গ্রামের বাসিন্দা এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
নির্বাচনের মাধ্যমে নেতৃত্বে আসা নতুন এই কমিটি আগামী ২০২৬-২০২৭ মেয়াদে বেলকুচি ও এনায়েতপুর অঞ্চলের পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, শিক্ষাবিষয়ক সহায়তা এবং সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সংগঠনটির নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শিক্ষা, দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে ‘বুনন’-এর কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব আসিফ নেওয়াজ। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আনিসুর রহমান, জামিল হোসাইন জিম, সাব্বির আহমেদ ও তামিম ইকবাল।
নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় সংগঠনের সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মাহমুদ সবুজ এবং সাধারণ সম্পাদক মো. জুবায়ের আহমেদকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ‘বুনন’ আগামী দিনে বেলকুচি-এনায়েতপুরের শিক্ষার্থীদের একটি কার্যকর, ঐক্যবদ্ধ ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।