
মোঃ সেরাজুল ইসলাম:সিরাজগঞ্জের বেলকুচিতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে স্থানীয় গ্রামবাসী। আজ শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজ শেষে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ মাদকবিরোধী কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশ থেকে বক্তারা, সমাজ থেকে মাদক দূর করতে একতাবদ্ধ থাকার সংকল্প ব্যক্ত করেন। একইসঙ্গে এলাকাকে মাদকমুক্ত করতে জুম্মার নামাজ আদায়ের পরই চিহ্নিত মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার জোর আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিলে স্থানীয় ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি আব্দুল আলিম প্রামানিক, সাধারণ সম্পাদক আশরাফ আলী শেখ, , থানা ছাত্রদলের সাবেক দপ্তর সাম্পাদক রফিকুল ইসলাম সহ সর্বস্তরের মানুষ এতে অংশ গ্রহন করেন। মিছিলটি গোপালপুর গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে বেলকুচিতে কোনো প্রকার মাদক ব্যবসা ও সেবন সহ্য করা হবে না। প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি গ্রামবাসী নিজেরাই মাদকের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবে।