
নিজস্ব প্রতিনিধি
সিরাজগঞ্জের বেলকুচিতে মুকুন্দগাঁতী মৌজার জমির মালিকানা দাবি নিয়ে শামু বেগমের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন জমির দাবিদার ওয়ারিশরা। তাঁদের দাবি, শামু বেগমের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্য মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
রোববার (১ নভেম্বর) সকালে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাফিজুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মুকুন্দগাঁতী মৌজার এসএ ১০৯ নম্বর দাগের রেকর্ডীয় মালিক ছিলেন তাঁর বাবা সামাদ এবং চাচা আজহার ও মোজাম্মেল হক। ক্রয়সূত্রে এসএ রেকর্ড অনুযায়ী তাঁর বাবা ও চাচারা ওই দাগের ৭ দশমিক ২৫ শতাংশ জমির বৈধ মালিক। জমিটি তাঁরা পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রতিপক্ষ শামু বেগমের কাছে কখনো বিক্রি করেননি বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, প্রতিপক্ষ শামু বেগম তাঁদের মালিকানাধীন ও দখলীয় জমিতে জোরপূর্বক বাড়িঘর নির্মাণের চেষ্টা করছেন। জমি রক্ষায় চারপাশে টিনের বেড়া দেওয়া হলে তিনি মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। এতে তাঁদের পরিবারের সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করেন হাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের হয়রানি করা হচ্ছে এবং মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে। এসব সমস্যা সমাধানে স্থানীয় সুশীল সমাজ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্য ও সাখাওয়াত হোসেন, আব্দুস ছামাদ, আজহার আলী, মোজাফফর হক,মরিয়ম, বেগম সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক উপস্থিত ছিলেন।