
সোহাগ হোসেন, সাতক্ষীরা
সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক আদেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। একই আদেশে আগামী ২২ জুলাইয়ের মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা কৃষি অফিসে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৬ জুন তিনি সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরে ২৯ জুন সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় চারা বিতরণের সময় বাঁশের খুঁটি ও জৈব সার সরবরাহে অনিয়মের অভিযোগ ওঠে। কৃষকদের অভিযোগ, প্রতি পিস ৫০ টাকা মূল্যের বাঁশের খুঁটির পরিবর্তে ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশ সরবরাহ করা হয়। এছাড়া ৬০০ টাকা মূল্যের গোবরভিত্তিক জৈব সারের পরিবর্তে প্রায় ৪৮০ টাকা মূল্যের কোম্পানির সার বিতরণ করা হয়। এতে প্রায় ১ হাজার ২০০ কৃষকের জন্য বরাদ্দ প্রকল্পে কয়েক লাখ টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগ ওঠে।
এ বিষয়ে গত ৩ জুলাই বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তদন্ত শুরু করে। তদন্তের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজের আদেশ জারি করা হয়েছে। সংবাদ প্রচারের পর থেকেই কতিপয় সংবাদিককে টাকার বিনিময়ে ম্যানেজ করে নিজের দুর্নীতি ঢাকতে অব্যাহত চেষ্টা চালিয়েছেন এই কর্মকর্তা। শাস্তিমূলক ব্যবস্থা ঠেকাতেও চালিয়েছেন তদবির।