
মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের সোনালী ব্যাংকের সামনে শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া থেকে দিওড় ইউনিয়নের ধানঘরা গ্রামের বাড়ি ফিরছিলেন গোলাম রব্বানী, তার স্ত্রী কোহিনুর বেগম (২৭) ও দুই মাসের শিশু রিশাদ কাইফ।
একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান স্ত্রী ও শিশু। গোলাম রব্বানী অলৌকিকভাবে বেঁচে যান। স্ত্রীর ও সন্তানের নিথর দেহের সামনে দাঁড়িয়ে তার বুকফাটা আর্তনাদ “আমাকেও মেরে ফেলো, আমি বাঁচতে চাই না” উপস্থিত জনতার হৃদয় ছুঁয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহ সড়কের পাশে সরিয়ে রাখে। স্থানীয়রা জানান, কয়েক মিনিটের মধ্যেই মহাসড়কে পাঁচ শতাধিক মানুষ ভিড় জমায়, যা সাময়িকভাবে যান চলাচল ব্যাহত করে।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, ঘাতক ট্রাকটি দুর্ঘটনা স্থল থেকে পালিয়েছে। নিহত পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।