রুবেল আহমেদ, সিলেট:
সিলেটের গোয়াইনঘাট গারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয় চলাকালীন সময়ে ২ শিক্ষককের অনুপস্থিত থাকার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ২জন শিক্ষককে নোটিশ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম স্বাক্ষরিত ওই শোকজ নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। সোমবার (০৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গারো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, মাত্র দুজন সহকারি শিক্ষিকা আলেয়া বেগম ও রেহানা বেগম পাঠদান করছেন। শোকজপ্রাপ্ত শিক্ষকরা হলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিরন কান্তি, সহকারি শিক্ষক ফুলবানু বেগম। অভিযোগ আছে বিদ্যালয়ে শিক্ষকরা নিয়মিত আসেন না। মাঝে মধ্যে আসলেও দেরিতে আসেন। সঠিক সময়ে শিক্ষকরা না থাকলে শিক্ষার্থীরা দুষ্টুমি আর মারামারি করে থাকে। এ অবস্থায় এলাকার বাইরে শিশুদের পড়ালেখা করানোর চিন্তা করছেন অনেক এলাকাবাসীরা। তবে হতদরিদ্র পরিবারের পক্ষে তাদের সন্তানকে অন্য জায়গায় পড়ালেখা করানোর ক্ষমতা না থাকায় বাধ্য হয়ে এ স্কুলে পড়াতে হচ্ছে। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) আশরাফুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের দুই শিক্ষককে এরই মধ্যে শোকজ করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।