বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:-
রাজশাহীর বাগমারায় বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আরও ৫ থেকে ৭ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে বাগমারা থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন উপজেলার আচিনঘাট গ্রামের আনিস আলীর ছেলে মো. মুশফিকুর রহমান রনি (২৮), বাসুবোয়ালিয়া গ্রামের জিল্লুর রহমান মণ্ডলের ছেলে তৌহিদুল ইসলাম তপু (২২), একই গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. মাহফুজুর রহমান (৩৫), মতিউর রহমানের ছেলে শাহিনুর রহমান সাব্বির (২৪) এবং হাটমাধনগর গ্রামের ইসপিন্ডিয়ার হোসেনের ছেলে ইসরাফিল হোসেন (৩১)।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, তারা 1xBet, Melbet, CK44, GBAJEE.VIP, TK99, CV666, 8E88, VIP TAKA, TK999, PKOK ও 3333-সহ বিভিন্ন অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনা ও খেলায় জড়িত ছিলেন। উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।
এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৬, ১৭, ১৯, ২৫ ও ২৭ ধারায় বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।