শাহিন আলম টেকনাফ :
বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করায় আরাকান আর্মি কর্তৃক আটক ৭৩ জন জেলে অবশেষে দেশে ফিরেছেন। উদ্ধারকৃতদের মধ্যে ৬৬ জন বাংলাদেশি এবং ৭ জন এফডিএমএন (রোহিঙ্গা) নাগরিক রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৫ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরতে গিয়ে এসব জেলে ভুলবশত সীমান্ত অতিক্রম করলে তাদের আটক করে মিয়ানমারের অভ্যন্তরে আরাকান আর্মির নিয়ন্ত্রিত ক্যাম্পে রাখা হয়।
পরবর্তীতে মানবিক বিবেচনায় কক্সবাজার অঞ্চলের বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সমন্বিত উদ্যোগে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। এরই ধারাবাহিকতায় আটক জেলেদের ধাপে ধাপে দেশে ফেরানোর প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি আসে।
এর অংশ হিসেবে আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) প্রথম ধাপে মোট ৭৩ জন জেলেকে নাফ নদীর শূন্য লাইন থেকে গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে আনা হয়। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পরিচয় নিশ্চিত করে তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এই সফল প্রত্যাবর্তনে আটক জেলেদের পরিবার-পরিজনের মধ্যে স্বস্তি ও আশ্বাস ফিরে এসেছে। আসন্ন পবিত্র রমজানের আগে জেলেদের দেশে ফেরা মানবিক দৃষ্টিকোণ থেকে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, অবশিষ্ট আটক জেলেদের নিরাপদ প্রত্যাবর্তনের লক্ষ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ ও প্রচেষ্টা অব্যাহত রয়েছে।