
টেকনাফ প্রতিনিধি //
বাংলাদেশ থেকে মায়ানমারে সার ও তেল পাচার করে দেশে ফেরার সময় দুই ব্যক্তিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ১২ লাখ ৪৮ হাজার ৩০০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) দুপুরে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, দুপুর ১২টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব ফারির বিলের গুইল্লাখালী এলাকায় টহলরত সদস্যরা মায়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের আটক করেন।
আটকরা হলেন উখিয়া উপজেলার পূর্ব ফারির বিল গ্রামের আজিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আফসার উদ্দিন (২৮) এবং আমির হোসেনের ছেলে লোকমান হাকিম (২৯)।
তল্লাশিতে তাদের কাছ থেকে ১২,৪৮,৩০০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, বাংলাদেশ থেকে সার ও তেল মায়ানমারে পাচার করে ওই টাকা নিয়ে দেশে ফিরছিলেন।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ কার্যক্রম দমনে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।