
রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় পূর্ব শত্রুতার জেরে গাছপালা কেটে ফেলার পাশাপাশি চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তিন ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় সোমবার (৩ আগস্ট) রাতে পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ।
অভিযোগ সূত্রে জানা যায়, পুঠিয়া উপজেলার শিবপুর জায়গিরপাড়া এলাকার বাসিন্দা জাকারিয়ার সঙ্গে পূর্ব শত্রুতার জেরে বেলাল, শফিকুল ও শাকিলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরের দিকে বিবাদীরা জাকারিয়ার গাছপালা কেটে ব্যাপক ক্ষতিসাধন করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ওইদিন সন্ধ্যার দিকে শিবপুর বাজারে অবস্থানকালে অভিযুক্ত বেলাল জামার কলার ধরে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ছাড়া বিবাদীরা তার বাড়িতে গিয়েও বিভিন্ন ধরনের হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে জাকারিয়া ও তার পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান তিনি। তবে অভিযুক্ত শফিকুল ইসলামের নাম্বারে একাধিকবার কল দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেন নি।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ মো: ফরিদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।