
মেহেদী হাসান,পিরোজপুর প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পিরোজপুরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।
সভায় পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব। সভায় জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ জেলা পুলিশের নেওয়া নিরাপত্তা পরিকল্পনায় সন্তোষ প্রকাশ করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী, পিপিএম, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) প্রণয় রায়, জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), ডিআইও-১, ওসি ডিবি, ট্রাফিক ইনচার্জ, জেলা ও থানা পর্যায়ের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।