
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা//
সংসদীয় আসন-৭২ (পাবনা-৫, সদর)-এর সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস তাঁর নির্বাচনী এলাকার সার্বিক কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনার ওপর নির্মিত একটি নির্বাচনী সারসংক্ষেপ ডকুমেন্টারি প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর হাতে তুলে দিয়েছেন।
সম্প্রতি আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে এই ডকুমেন্টারিটি হস্তান্তর করা হয়। এতে পাবনা সদর আসনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে গৃহীত পদক্ষেপসহ ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়েছে।
এ সময় এ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং এলাকার টেকসই উন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ডকুমেন্টারির মাধ্যমে সংশ্লিষ্ট মহলের কাছে উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছ চিত্র তুলে ধরাই মূল উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।
উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ ডকুমেন্টারিটি গ্রহণ করে পাবনা-৫ আসনের উন্নয়ন উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, এই ডকুমেন্টারির মাধ্যমে স্থানীয় উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় জোরদার করার প্রত্যাশা করা হচ্ছে।