
মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার, পাবনা //
পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর ইসলামিয়া দাখিল মাদরাসার পরিচালনার জন্য নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পাবনা-০৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস-এর ব্যক্তিগত সহকারী (এপিএস) জামিল হোসেন মুরসালিন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন এডহক কমিটি মাদরাসার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং প্রয়োজনীয় উন্নয়নমূলক সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে। কমিটির অন্যান্য সদস্যদের নামও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে বলে জানা যায়।
স্থানীয় শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির মাধ্যমে মাদরাসার শিক্ষা পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের জন্য একটি মানসম্মত শিক্ষার সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে।